ঢাকা সংবাদদাতা: রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। ওই যুবকের পরনে ছিল চেক লুঙ্গি, কোমরে লাল গামছা ও হাফ হাতা শার্ট।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিউর রহমান জানান, গুলিস্তান জিরো পয়েন্টের কাছে হোটেল ইম্পেরিয়ালের সামনে খাজা পরিবহন নামের একটি বাসের চাপায় গুরুতর আহত হন ওই যুবক। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই বাসটি জব্দ করা গেলেও এর চালক পলাতক।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।















