হুমায়ুন কবিরের বাড়ীতে ছাত্রলীগ-পুলিশের আবারও হামলা

458

ঢাকা সংবাদদাতা: গত ১৫ জুন বৃহস্পতিবার সকালে প্রায় ১১টায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ছাত্রদল নেতা জাবরকোল গ্রামের বাসিন্দা লন্ডনে অবস্থানরত হুমায়ুন কবিরের বাড়ীতে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ এবং পুলিশ মিলে যৌথভাবে হামলা চালিয়েছে।

এ ব্যাপারে বালিয়াকান্দি থানা পুলিশের কাছে জানতে চাইলে সাংবাদিকদের কাছে পুলিশ জানিয়েছে তারা ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের বাড়িতে অভিযান চালিয়েছে। পুলিশ আরো জানিয়েছে গত ১৩জুন মঙ্গলবার ও ১৪জুন বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থানের সময় সেখানে হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে হুমকি মূলক শ্লোগান দিয়েছে, সেই সাথে কালো পতাকা প্রদর্শন ও তার গাড়িতে ডিম নিক্ষেপ করেছে। তার এ অপকর্মের জন্যই আমাদের এই অভিযান। এর জবাবদিতিহার জন্য পরিবারের পুরুষ সদস্যদের গ্রেফতার করার হুকুম ছিল। কিন্তু সেরকম কাউকেই আমরা খুঁজে পাইনি।

এদিকে হুমায়ুন কবিরের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা সাংবাদিকদের জানান, পুলিশের কয়েকটি গাড়িতে বেশ কয়েক পুলিশ সদস্য ও যুবলীগের ক্যাডাররা আমাদের বাড়িতে হামলা করে। তারা সাথে করে হুমায়ুন কবিরের লন্ডনের কয়েকটি প্রতিবাদের ছবি নিয়ে এসেছিল। হামলা করে পুলিশ ও ছাত্রলীগ আমাদের বাড়ী তছনছ করে ফেলে রেখেছে। সেই সাথে তারা যাবার সময় হুমায়ুন কবিরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। বড় নেতা হওয়ার সাধ মেটাবে বলে ধমকি দিয়ে যায়। পুলিশ সদস্যরা হুমকি দিয়ে আরো বলেন, হুমায়ুনকে দেশে বিদেশে যেখানেই পাওয়া যাবে সেখানেই রাষ্ট্রীয়ভাবে এর ব্যবস্তা নেওয়ার হুকুম আছে। তাই এখন আর হুমায়ুনের জীবনের নিরাপত্তা কেউ দিতে পারবে না।

তার পরিবার থেকে আরো জানানো হয় ১৭ সেপ্টেম্বর শনিবার ২০১৬ সালের হামলায় যে সমস্ত ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা অংশগ্রহণ করেছিল তাদের অধিকাংশকেই এ হামলায় অংশ নিতে পুনরায় দেখা গেছে।

হুমায়নের পরিবার আরো জানান, এ হামলা ও হুমকির পরথেকে এখন তাদের পরিবারের পুরুষ সদস্যদেরও প্রাণ সংশয়ের মুখে আছে।