ঢাকা সংবাদদাতা: শিক্ষার্থীবান্ধব প্রশাসন ও শতভাগ শিক্ষার্থীকে আবাসিক নিশ্চিতকরণসহ মোট ৯ দফা দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবন ও সকল একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ আগস্ট) সকাল সাড়ে আটটায় তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় এর প্রধান ফটকেও তালা ঝুলিয়ে দেয় তারা।
সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবির কথা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুশফিকুর রহমান খানের কাছে তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
পরবর্তীতে বেলা ৯টা পর্যন্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ অফিসে ঢুকতে না পেরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার (ফাউন্টেন পেন) প্রাঙ্গনে অবস্থান নেন।
চলমান পরিস্থিতি নিয়ে শিক্ষকরা পৃথক বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয় এর শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আজকে আমরা রাস্তায় বসে আছি, গত ১২বছর ধরে এমনটা হচ্ছে,সেটা কেন? এমনটা চলতে থাকলে শিক্ষক-ছাত্র সম্পর্ক নষ্ট হবে, বিশ্ববিদ্যালয় এর স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হবে, দেশের চলমান পরিস্থিতির সাথে এর কোনো যোগসাজশ আছে কিনা সেটাও খঁতিয়ে দেখতে হবে । তিনি আরো বলেন, ‘কাল আমাদের এক সিনিয়র শিক্ষকের উচ্চশিক্ষার্থে এম্বাসি ফেস করতে হবে, তিনি যদি এখন কোনো কারনে এম্বাসি তে যেতে না পারেন? তাহলে এর দায়ভার কে নেবেন?
প্রায় ৩ঘন্টা পর বিশ্ববিদ্যালয় এর প্রক্টরিয়াল বডির উদ্যোগে প্রধান ফটক, একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের তালা ভাঙ্গা হয়।
এদিকে, সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।















