অপপ্রচারে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ফেসবুক: প্রধানমন্ত্রী

521

ঢাকা সংবাদদাতা: গুজব ও অপপ্রচারে ফেসবুক এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিতি কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনে অনেক বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টা হয়েছে। ফেসবুকের মাধ্যমে নানা ধরনের মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়িয়েছে। যাচাই না করেই কেউ কেউ এ ধরনের বিভ্রান্তিতে কান দিয়েছে। এরকম প্রচারের জন্য ফেসবুক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে উদ্বেগ জানালে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এত দুর্বল নার্ভের হলে কীভাবে চলবে? শিক্ষার্থীদের আন্দোলনতো তেমন কোনো মারাত্মক আন্দোলন হয়নি। ওরাতো আন্দোলন শুরুই করতে পারেনি। রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে।

এসময় কয়েকজন মন্ত্রী বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনার মাধ্যমে আহত করলে বা প্রাণহানি হলে চালকের সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের প্রস্তাব করেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয় অনেক পর্যালোচনা করে শাস্তি পাঁচ বছর নির্ধারণ করেছে। তাই পাঁচ বছরই যুক্তিযুক্ত হবে।

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, শুধুমাত্র ঢাকা-চট্টগ্রাম সড়কে ওয়েট মেশিন রয়েছে অন্যান্য সড়কে নেই। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেন, আরও ৪০টি সড়কে ওয়েট মেশিন স্থাপনের প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।