শাহবাগে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের টিয়ারশেল-জল কামান

731

ঢাবি প্রতিনিধি: রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বেলা তিনটার দিকে ক্যাম্পাস থেকে কয়েকশ শিক্ষার্থীর একটি মিছিল শাহবাগ মোড়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়, এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় তিনজনকে আটক করা হয় বলে দাবি করেছে আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ -এর ব্যানারে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী টিএসসির রাজু ভাস্কর্য থেকে শাহবাগ অভিমুখে মিছিল সহকারে রওয়ানা দেয়। মিছিলটি শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। শিক্ষার্থীরা সেখানে দাঁড়িয়েই স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ জলকামান দিয়ে তাদের ছাত্রভঙ্গ করার চেষ্টা করে।

কিন্তু শিক্ষার্থীরা রাস্তা না ছাড়লে এক পর্যায়ে পুলিশ তাদেরকে লক্ষ্য করে টিয়ারশেল ছুড়ে এবং লাঠিচার্জ করে। এ সময় আন্দোলনকারীরাও পুলিশকে উদ্দেশ্য করে ইট নিক্ষেপ করলে, এক পুলিশ সদস্য আহত হয়। এসময় পুলিশ পাল্টা ফাঁকা গুলি ছোড়ে। এতে পাশাপাশি আন্দোলনকারীদের পাঁচ-ছয়জন আহত হয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়।

ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে বলেও দাবি করেন আন্দোলনকারীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢাবি শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীর বাংলাদশ জার্নালকে বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন থেকে তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন ঢাবির এমআইএস, একজন ক্রিমিনোলজী এবং একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে তিনি তাদের পরিচয় জানাতে পারেননি।

এ বিষয়ে জানতে শাহবাগ থানার ওসি আবুল হাসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।