ঢাকা সংবাদদাতা: সরকার রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ বলেই শিশুরা রাস্তায় আন্দোলন করতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও নিপীড়ন এবং বর্তমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মঈন খান বলেন, ছাত্ররা বুঝতে পেরেছে, এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তাই তারা রাস্তায় নেমে সরকারকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
বিগত ৯ বছরে ক্ষমতাসীনরা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে মন্তব্য করে তিনি বলেন, সরকার যদি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করতো তাহলে কোমলমতি ছাত্ররা আজ রাস্তায় নামতো না ।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, কয়েকজন প্রশ্ন করেছে, ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ড্রাইভারদের লাইসেন্স দেখতে চাচ্ছে, এটা ঠিক কী না? আমি বলবো, যারা আজ দেশ পরিচালনা করছে, তারা যদি ব্যর্থ না হতো তাহলে তো ছাত্ররা রাস্তায় নামতো না। আন্দোলন করতো না। তাদের ব্যর্থতার কারণে ছাত্ররা রাস্তায়।
আয়োজক সংগঠনের উপদেষ্ঠা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ,জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন প্রমুখ বক্তব্য রাখেন।















