সৌদিতে দুই নারী মানবাধিকার কর্মী গ্রেপ্তার

780

আন্তর্জাতিক ডেস্ক: দমননীতির অংশ হিসেবে সৌদি আরবে গ্রেপ্তারের ঘটনা অব্যাহত রয়েছে। এবার দেশটিতে দু’জন নারী মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ কথা জানিয়েছে।

এইচআরডব্লিউ জানিয়েছে, গত দু’দিনে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।

এইচআরডব্লিউ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন-আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত সামার বাদাউই এবং নাসিমা আল-সাদাহ। তবে, তাদের গ্রেপ্তারের কারণ জানানো হয়নি।

জানা গেছে, নারীদের গাড়ি চালানোর অধিকার এবং নারীর ওপর পুরুষের অভিভাবকত্ব আইন বাতিলের দাবির জন্য গ্রেপ্তারকৃত ওই দুই নারী বিখ্যাত।

এইচআরডব্লিউ বলছে, সৌদি সরকার স্বৈরশাসনের ধারা বজায় রাখতে বেশ ক’মাস ধরে অধিকারকর্মী, শিক্ষাবিদ ও সাংবাদিকদের ওপর দমনপীড়ন চালাচ্ছে ।

প্রসঙ্গত, সৌদি আরবে গত মে মাস থেকে এ পর্যন্ত ১২ জনেরও বেশি মানবাধিকারকর্মী গ্রেপ্তার হয়েছে।

সূত্র: রয়টার্স