কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ গ্রেপ্তার

784

ঢাকা সংবাদদাতা: তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মিরপুর-১৪ নম্বর থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমান।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয় বাদী হয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানের বিরুদ্ধে শাহাবাগ থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

এ প্রসঙ্গে বাদী আল-নাহিয়ান খান জয় বলেন, গত কয়েকদিন আগে রাশেদ ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেছে। এছাড়া ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছিল। এ ঘটনায় আমি শাহাবাগ থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করি।

এর আগে, বেলা ১২টার দিকে রাশেদ খান নিজের ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে জানান, তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা বাসার দরজায় নক করছে।