ঢাকা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় ব্রাজিল-আর্জেন্টিনার দুপক্ষের সমর্থকদের মধ্যে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে ৫ জন মারাত্মকভাবে জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার রাতে (৩০ জুন) চুয়াডাঙ্গার আলোকদিয়া ইউনিয়নের হুচুকপাড়ায় এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন, ব্রাজিল সমর্থক হুচুপাড়ার ঠান্ডু মন্ডলের ছেলে টুটুল, একই পাড়ার তাতী মন্ডল ও তার ছেলে মিলন, খায়রুল ইসলামের ছেলে শাকিব ও আর্জেন্টিনার সমর্থক আশান মন্ডলের ছেলে তরিকুল।
জানা গেছে, রাতে চায়ের দোকানে বসে গ্রামের সবাই বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিল। এসময় টুটুল ও তরিকুলের মধ্যে খেলার তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হলে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় টুটুল সহ ব্রাজিল সমর্থকদের উপর হটাৎ হমলা করে আর্জেন্টিনার সমর্থক তরিকুলসহ অন্যরা। পরে আহতদের উদ্ধার করে গ্রামবাসি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।















