অান্তর্জাতিক ডেস্ক: তিনদিনের সফরে আজ শনিবার (৩০ জুন) ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সফরে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে তার বৈঠক হবে।
জাতিসংঘের মহাসচিব হওয়ার পর এটাই গুতেরেসের প্রথম ঢাকা সফর। প্রায় ৭ বছর পর জাতিসংঘের কোনো মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন।
এ সফর সম্পর্কে সরকারি কর্মকর্তারা বলছেন; গুতেরেসের সফরে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি, শান্তি, স্থিতিশীলতা এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ কীভাবে আরও জোরালো ভূমিকা রাখতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সেই আলোচনায় বাংলাদেশের আসন্ন নির্বাচন বিশেষত নির্বাচনটি সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জাতিসংঘের আকাঙ্ক্ষা, পর্যবেক্ষণ, সুপারিশ ও সহায়তার বিষয়েও কথা হবে।
এশিয়ার কয়েকটি দেশ সফরের অংশ হিসাবে ২০১১ সালে তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশ সফর করেছিলেন।
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এবং শরণার্থী বিষয়ক বৈশ্বিক সংস্থা ইউএনএইচসিআর’র প্রধান ফিলিপ্পো গ্রান্ডিসহ জাতিসংঘের অধীন বিভিন্ন সংন্থার ডজন খানেক কর্মকর্তা ঢাকা আসছেন। ফিলিপ্পো গ্রান্ডি এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। তারা সোমবার বাংলাদেশ ছেড়ে যাবেন।















