ঢাকা প্রতিনিধি: পদ্মা সেতুর পঞ্চম স্প্যান ৭ এস (সুপার স্ট্রাকচার) বসানোর কাজ শুরু হয়েছে। এজন্য বৃহস্পতিবারই পঞ্চম স্প্যানটিকে ৪১ ও ৪২ নম্বর পিলারের কাছে নিয়ে রাখা হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে স্প্যান বসানোর কাজ শুরু হয়। আবহাওয়া ভাল থাকায় দুপুরের মধ্যেই স্প্যান বসানোর কাজ শেষ হবে বলে আশা করছেন প্রকল্পের প্রকৌশলীরা। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সহকারি প্রকৌশলী (মূল সেতু) আহমেদ আহসান উল্লাহ।
প্রকৌশলী আহমেদ আহসান উল্লাহ জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আজ (শুক্রবার) দুপুরের দিকে ৪১ ও ৪২ নম্বর পিলারে পদ্মা সেতুর পঞ্চম স্প্যান ৭ এস বসানো হবে। আবহাওয়াও অনুকূলে আছে। তাই সকাল ৯টা থেকে স্প্যান বসানোর কাজ শুরু করা হয়েছে। পিলার বরাবর স্প্যানটি পজিশনিং করা হচ্ছে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি।
এর আগে আজ বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বিশ্বের বৃহত্তম ভাসমান ক্রেন ‘তিয়ান ই’ তে করে স্প্যানটিকে সেতুর জাজিরা প্রান্তে নিয়ে রাখা হয়। বর্তমানে স্প্যানটি ৪১ ও ৪২ নম্বর পিয়ারের কাছে রাখা হয়েছে।
প্রকৌশলীরা জানান, চারটি স্প্যান বসানোর পর সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হয়েছে। পঞ্চম স্প্যানটি বসলে সেতুর ৭৫০ মিটার দৃশ্যমান হবে।
জানা গেছে, পঞ্চম স্প্যান বসানোর পর ষষ্ঠ স্প্যান বসানোর কাজ শুরু করা হবে। আর সেটিও জাজিরা প্রান্তে বসানো হবে।















