ঢাকা সংবাদদাতা: বাংলাদেশের তৈরি পোশাক কানাডায় বেশ জনপ্রিয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোই প্রিফনটেইন। বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে তার দপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের তিনি এ কথা বলেন।
বেনোই প্রিফনটেইন বলেন, বাংলাদেশ কানাডার বন্ধু রাষ্ট্র এবং বড় ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে কানাডা বিপুল সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের তৈরি পোশাক কানাডায় বেশ জনপ্রিয় বলেই আমরা বাংলাদেশ থেকে এ সকল পণ্য আমদানি করে থাকি। ভবিষ্যতে আমদানির পরিমাণ আরো বাড়বে।
কানাডার হাইকমিশনার বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ চমৎকার। সুযোগ সুবিধাও আকর্ষণীয়। কানাডার বিনিয়োগকারীরা নিশ্চয়ই বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবে।
বৈঠকে কানাডার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, কানাডার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। এর একটিতে কানাডা বিনিয়োগ করতে পারে।
তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের বিনিয়োগ নীতি ব্যবসাবান্ধব। যে কোনো বিনিয়োগকারী শতভাগ বিনিয়োগ করতে পারবে এবং লাভসহ যে কোনো সময় বিনিয়োগকৃত অর্থ ফিরিয়ে নিতে পারবে। জাতীয় সংসদের পাসকৃত আইন দ্বারা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা হয়েছে।
মন্ত্রী বলেন, কানাডার সাথে বাংলাদেশের বাণিজ্য আরো বৃদ্ধি পাওয়া প্রয়োজন। কানাডায় বাংলাদেশের রপ্তানি যাতে আরো বৃদ্ধি পায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। দেশটির বাজারে বাংলাদেশের পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।















