কোটা সংস্কার আন্দোলনের নেতার ওপর ছাত্রলীগের হামলা

685

ঢাকা সংবদাদাতা: কোটা সংস্কার আন্দোলনের নেতা এপিএম সোহেলের ওপর ছাত্রলীগের হামলা করার অভিযোগ উঠেছে। বুধবার বিকাল ৩টার দিকে পরীক্ষা শেষ করে বাসায় ফেরার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হামলার শিকার হন তিনি।

সোহেল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে এলে ১০-১২ জন তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর গেণ্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম নয়ন বলেন, আহত সোহেল আমাদের কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। তার ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। রড ও লাঠির আঘাতে সোহেলের ঠোঁট ও নাক ফেটে গেছে।

এ হামলার ঘটনায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নিন্দা জানিয়েছে, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায় তারা।