লেবাননে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নারীর মর্মান্তিক মৃত্যু

568

ঢাকা সংবাদদাতা: লেবাননের মেটন শহরে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন বাংলাদেশি নারী নিহত হয়েছে। লেবাননের সিভিল ডিফেন্স তাদের অফিশিয়াল ফেসবুক পাতায় পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ভোরের দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা মারা যান। খবর লেবাননের দ্য ডেইলি স্টার।

তবে কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সিভিল ডিফেন্স। তবে মেটন শহরের দৌরায় ভোর পাঁচটার কিছুক্ষণ লাগা ওই আগুন নেভাতে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

সকাল সোয়া ৭টার দিকে ওই আগুন নেভাতে সক্ষম হয়। তবে ওই দুই নারী ভবনের যেখানে থাকতেন সেখানে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। উল্লেখ্য, ওই নারীদের ঘর থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

সিভিল ডিফেন্সের সদস্যরা ওই নারীদের মৃতদেহ নিকটবর্তী বাবদা হাসপাতালে নিয়ে গেছেন।

এদিকে উদ্ধারকর্মীরা ওই দুই নারীকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করেছেন। তবে সোমবার সিভিল ডিফেন্সের ওই বিবৃতিতে নারী দুজনের বয়স ও পেশা সম্পর্কে কিছু জানানো হয়নি।

ওই ঘটনার পর সিভিল ডিফেন্স অনলাইনে যে ছবি প্রকাশ করেছে সেখানে নারী দুজনের পুড়ে যাওয়া বেডরুম দেখা গেছে।

সাম্প্রতিক মাসগুলোতে লেবাননে বেশ কয়েকটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের অধিকাংশই ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের কারণে ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।