ঢাকা সংবাদদাতা: বেগম খালেদা জিয়ার স্মরণ শক্তি (স্মৃতি শক্তি) হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে রাজধানীর গুলশান চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এত অবনতির দিকে গেছে যে, তিনি ভিজিটর রুমে আসতে পারছেন না। সুতরাং সু-চিকিৎসা না হলে বেগম জিয়া প্যারালাইসিস হয়ে যেতে পারেন বা তার স্মরণ শক্তি হারিয়ে যেতে পারে।
বেগম জিয়ার সঙ্গে তার পরিবারের স্বজনদের দেখা করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, গত কয়েক দিন ধরে আমরা লক্ষ্য করেছি যে, তার পরিবারের সঙ্গে তাকে দেখা করতে দেয়া হচ্ছে না! গত শুক্রবার তার পরিবারের স্বজনেরা উনার সঙ্গে দেখা করতে পেরেছিলেন। এরপর থেকে বার বার কারা কর্তৃপক্ষের কাছে অনুমতির জন্য গেলেও তারা আজ পর্যন্ত অনুমতি দেয়নি।
অনুমতি না দেয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, জিজ্ঞেস করলে কারা কর্তৃপক্ষ বলে, নিরাপত্তাজনিত কারণে দেখা করতে দেয়া যাবে না। আমরা কিছুতেই বুঝতে পারছি না যে, বেগম খালেদা জিয়া কারাগারে সরকারের নিরাপত্তার মধ্যে রয়েছেন। তাহলে সাক্ষাত করতে যাবেন এর মধ্যে নিরাপত্তাজনিত কারণ কেনো? তা আমরা বুঝতে পারছি না।
বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা খবর নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। যার ফলে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন, তা জানতে পারছি না।
অবিলম্বে পরিবারের সদস্যদের সঙ্গে বেগম জিয়ার সাক্ষাত করার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।















