স্মিথকে হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

701

খেলাধুলা ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। এই মুহূর্তে গোটা বাংলাদেশই এই ম্যাচের দিক তাকিয়ে আছে। কারণ ইংল্যান্ড এই ম্যাচে জিতলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে চার উইকেটে ১৮১ রান করেছে অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ অধিনায়ক স্টিভেন স্মিথ ও অলরাউন্ডার ময়জেস হেনরিকস আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন।

অষ্টম ওভারের প্রথম বলে মার্ক উডের বলে উইকেটরক্ষক জস বাটলারকে ক্যাচ দেন ডেভিড ওয়ার্নার। ২৫ বলে ২১ রান করে ফিরে যান তিনি। এরপর ৬৪ বলে ৬৮ রান করে আউট হন অ্যারন ফিঞ্চ। মাত্র ৪৭ বলে সাতটি চারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনার। হেনরিকও বেশিক্ষণ টেকেননি। ১৯ বলে ১৭ রান করে আদিল রশিদের বলের আউট হন এই অলরাউন্ডার। তবে অধিনায়ক স্টিভেন স্মিথের ব্যাট আশার আলো দেখাচ্ছিল অসিদের। ইনিংসের ৩৩তম ওভারের প্রথম বলে মার্ক উডের বলে লিয়াম প্লাংকেটের হাতে ধরা পড়েন তিনি। ৭৭ বলে ৫৬ রান করেন অসি অধিনায়ক।

আজ ম্যাচের টসভাগ্য গেছে ইংল্যান্ডের পক্ষে। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালেও টাইগারদের তাকিয়ে থাকতে হচ্ছে এই ম্যাচের দিকে। অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে স্টিভেন স্মিথের দল। কিন্তু টানা দুটি ম্যাচ জেতা ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দিতে পারে, তাহলে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ হবে ইংল্যান্ডের সঙ্গী।

প্রকৃতির কৃপা পেলে বাংলাদেশ চলেও যেতে পারে সেমিফাইনালে। বৃষ্টির কারণে যদি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটি পণ্ড হয়, তাহলে এক পয়েন্ট করে যোগ হবে দুই দলের ঘরে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান, ৩। তখন দেখা হবে কোন দল বেশি ম্যাচ জিতেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালের জয়টাই তখন বাংলাদেশকে দিয়ে দেবে সেমিফাইনালের টিকেট।

অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ময়জেস হেনরিকস, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ, লিয়াম প্লাংকেট, মার্ক উড ও জ্যাক বল।