বিনোদন ডেস্ক: বলিউডের এই সময়কার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুধু তাই নয়, সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীও তিনিই। তার রূপ-লাবণ্য কিংবা অভিনয়ে মুগ্ধ হয়ে থাকে দর্শক। এবার দীপিকার রূপের আবেশ লেগেছে কান চলচ্চিত্র উৎসবের আঙিনায়।
৭১তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন দীপিকা। কানের অন্যতম আকর্ষণীয় বিভাগ লাল গালিচায় পা মাড়িয়েছেন এই বলিউড ডিভা। বৃহস্পতিবার (১০ মে) কানের লাল গালিচায় হাঁটেন দীপিকা। এ সময় তার পরনে ছিলো জুহাইর মুরাদের ডিজানে সাদা রঙের গাউন, লরেইন শোয়ার্ৎজের ডিজাইন করা ডায়মন্ডের গহনা ও নিকোলাস কিরকউডের বানানো হিল। আবছা রাঙানো খোলা চুল ডিপিকে দিয়েছে অন্যরকম এক মাধুর্যতা। তাইতো উপস্থিত ক্যামেরাম্যানদের ফ্ল্যাশ তার দিকে জ্বলে ওঠে আতশবাজির মতো।
এবারের কানে দীপিকা অংশ নিয়েছেন বিশ্বখ্যাত প্রসাধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হয়ে। জানা গেছে, শুক্রবারও (১১ মে) লাল গালিচায় হাঁটবেন দীপিকা। গত বছরও একই প্রতিষ্ঠানের হয়ে তিনি কানের লাল গালিচা মাড়ান। এবার নিয়ে তিনবার কানে রূপের দ্যুতি ছড়ালেন দীপিকা। উল্লেখ্য, ২০১০ সালে তার কান যাত্রা হয়েছিলো।












