পচা মাংস বেচে কোটিপতি!

952

আন্তর্জাতিক ডেস্ক: পচা মাংস বিক্রি করে কোটিপতি! মিলল মাংস ব্যবসায়ীর চারটি বাড়ির সন্ধান। অভিজাত এলাকায় বিশ্বনাথের জীবনযাপনও ছিল রীতিমতো বিলাসবহুল।

ভারতের কলকাতায় পচা মাংস বিক্রির অভিযোগে বিশ্বনাথ ঘড়ুই ওরফে বিশুকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এসব তথ্য বেরিয়ে আসে। জানা গিয়েছে, পচা মাংস বিক্রি করেই এখন কয়েক কোটি টাকার মালিক বিশু।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার অন্তর্গত গড়িয়া তেঁতুলবেড়িয়া বিবেকানন্দ সরণির বাড়ি থেকে বুধবার (২ মে) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, চার-চারটি বাড়ির মালিক বিশ্বনাথ! মাছের ব্যবসার আড়ালে বিশু পচা মাংসের ব্যবসা করত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

বাবা সুধীরচন্দ্র ঘড়ুইয়ের হাত ধরে মাছের ব্যবসায় আসে বিশ্বনাথ। ধীরে ধীরে বেশি লাভের আশায় শুরু করে পচা মাংসের ব্যবসা। গত দশ বছর ধরে এই মাংসের ব্যবসা করছিল সে। কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার মৃত পশুর খবর পেয়ে যেত বিশু। তার পর লোক দিয়ে সেই পশুর মাংস নিয়ে আসত বিশ্বনাথের লোকেরা। সেই মাংসে ফরম্যালিন-সহ বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তা নিজের আইস ফ্যাক্টরিতে রেখে দিত বিশু। তার পর কলকাতা-সহ আশপাশের রাজ্যে ও নেপাল, ভুটানের মতো প্রতিবেশী দেশেও রপ্তানি করা হত।

আর ব্যবসায় রমরমার কারণে গত দশ বছরেই টাকার পাহাড় বানিয়ে ফেলেছে বিশু। গড়িয়ার মতো দক্ষিণ শহরতলির অভিজাত এলাকায় চার-চারটি বাড়ির মালিক বিশ্বনাথের জীবনযাপনও ছিল রীতিমতো বিলাসবহুল। প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করত না এই মাংস ব্যবসায়ী। এলাকার মানুষ কোনও দিনই বিশুর এই ভয়াবহ অপকর্মের বিষয়ে কিছু জানতে পারেননি।