সিলেটে বজ্রপাতে দুইজনের মৃত্যু

845

সিলেট সংবাদদাতা: পৃথক বজ্রপাতে সিলেটের সুনামগঞ্জের তাহিরপুরে জাফর আহমদ (৪২) নামে এক শ্রমিক ও মৌলভী বাজারের কুলাউড়া উপজেলায় লাবনী আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে জাফর আহমদ যাদুকাটা নদীতে বালি পাথর উত্তোলনের জন্য যান। সেখানে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হলে তাকে স্থানীয় বাদাঘাট বাজারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাফর তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার বাসিন্দা।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শুক্রবার সকাল ৯টার দিকে বরমচাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লাবনী আক্তার কৃষিক্ষেতে বাবার খোঁজ করতে বাইরে বের হলে আকষ্মিক বজ্রপাতে আহত হয়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাবনী উপজেলার বরমচাল ইউনিয়নের আকিলপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন পোস্ট মর্টেম ছাড়া লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।
কুলাউড়া থানার ওসি মো. শামীম মুসা জানান, তদন্তের জন্য ঘটনাস্থলে এসআই জহিরুল ইসলামকে পাঠানো হয়েছে।