সিলেটের সাংবাদিক ইকবাল মনসুর আর নেই

1124

সিলেট সংবাদদাতা: ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী সাংবাদিক ইকবাল মনসুর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। প্রায় ৬ মাস থেকে জটিল রোগ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ বুধবার (২ মে) সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর কাজলশাহস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক মেয়ে ও তিন বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

সিনিয়র এ সাংবাদিক প্রায় ৬ মাস থেকে লিভারের জটিল রোগে আক্রান্ত ছিলেন। প্রথমে তাকে বাসায় চিকিৎসা দেয়া হলেও অবস্থার কোন উন্নতি না হওয়ায়, গত ১৫ নভেম্বর জরুরী অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এতেও অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় তাকে ভারতে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়া হয়। এ নিয়ে সকল সকল প্রস্তুতিও গ্রহণ করেছিলেন তার পরিবার ও সহযোগী স্বজনরা। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ফান্ডও কালেকশন করা হয়।

এর মধ্যেই গত ১০/১৫ দিন থেকে তার শরীরের অবস্থার বেশ অবনতি ঘটে। এ অবস্থায় বুধবার সকালে তিনি নিজ বাসায় ইন্তেকাল করেন।

সাংবাদিক ইকবাল মনসুরের জানাজার নামাজ আজ বাদ আসর সিলেট নগরীর ভাতালিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ভাতালিয়া গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।