ঢাকা সংবাদদাতা: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরেছে বিরোধী দল বিএনপি। আর এজন্যা দলটি ভোটে জিততে সারা দেশ থেকে সন্ত্রাসীদের এনে গাজীপুরে জড়ো করছে। বুধবার দুপুরে এই অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ওই নেতা বলেন, সরকারি সম্পদ ধ্বংস ও আগুনে মানুষ পুড়িয়ে হত্যাসহ নাশকতা মামলার দাগী অপরাধীদের সারা দেশ থেকে গাজীপুরে জড়ো করছে বিএনপি। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
গাজীপুরে বিএনপির মেয়রের কাছে ওই এলাকার মানুষ সেবা পায় নাই অভিযোগ করে নানক বলেন, তাই গাজীপুরের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা বিশ্বাস করি, গাজীপুরের জনগণ বিএনপির কর্মকানণ্ডে আর দেখতে চায় না। আমরা এই অপরাজনীতির তীব্র নিন্দা জানাই।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি হতাশাগ্রস্ত অবস্থা থেকে আবোল-তাবোল বকছে।
বুধবারের এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।















