মুম্বাই হাসপাতালে রোগীর চোখ খেয়ে নিল ইঁদুর!

699

আন্তর্জাতিক ডেস্ক: কোমায় আচ্ছন্ন রোগীর চোখ খুবলে নিয়েছে ইঁদুর। গত ২৩ এপ্রিল এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের যোগেশ্বরী এলাকার বাল ঠাকরে ট্রমা কেয়ার হাসপাতালে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ মানতে নারাজ। কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, এটা একটা ষড়যন্ত্র।

বেশ কিছুদিন ধরে বাল ঠাকরে ট্রমা কেয়ার সেন্টারের আইসিইউতে ভর্তি রয়েছেন ওই রোগী। রোগীর পরিবারের অভিযোগ, তাকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে নেয়ার পরেই এই ঘটনা ঘটে। আগেই জেনারেল ওয়ার্ডে রোগীকে দেখতে গিয়ে ইঁদুরের দৌড়াদৌড়ি তাদের নজরে এসেছে। সেদিন সকালে হাসপাতালে গিয়ে তারা দেখেন রোগীর ডান চোখ রক্তে মাখামাখি। এটা যে ইঁদুরের কীর্তি বুঝতে পেরেও তারা কিছু করতে পারছেন না। কেননা ঘটনার কোনও সাক্ষী নেই।

মাস দুয়েক আগের ঘটনা। সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান বছর ২৭ বছরের ওই যুবক। এর জেরে মাথায় রক্ত জমাট বেঁধে যায়। স্থানীয় বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর কোমায় চলে যান ওই রোগী।

দুই মাস সেই হাসপাতালে থাকার পর রোগীর বাড়ির লোকজন তাকে সরকারি হাসপাতালে এনে ভর্তি করেন। কেননা বেসরকারি হাসপাতালের দৈনন্দিন খরচের সঙ্গে পাল্লা দেয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এদিকে বাল ঠাকরে ট্রমা কেয়ার সেন্টারেও তিনি চিকিৎসাধীন রয়েছেন ৪০ দিন ধরে। প্রথমে বেশ কিছুদিন আইসিইউতে থাকার পর রোগীকে জেনারেল ওয়ার্ডে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই জেনারেল ওয়ার্ডেই উঠেছে ইঁদুরের উৎপাতের অভিযোগ।

এদিকে এতবড় ঘটনা ঘটলেও ট্রমা কেয়ার সেন্টারের কর্তৃপক্ষের মধ্যে কোনও হেলদোল নেই। উল্টো তারা এই অভিযোগে ষড়যন্ত্র দেখছেন। তারা বলছেন, মূলত হাসপাতালের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তের পিছনে কোনও চিকিৎসকের প্রত্যক্ষ মদত রয়েছে বলেও পালটা অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।