ঢাকা সংবাদদাতা: করতোয়া নদীতে ‘ট্যাংক’ সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন, এটি মুক্তিযুদ্ধকালীন ভারতীয় মিত্রবাহিনীর পরিত্যক্ত ট্যাংক। শুক্রবার রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদীর কাঁচদহ ঘাটে স্যালোমেশিন দিয়ে বালি উত্তোলন করতে গিয়ে এর সন্ধান পান তারা।
স্থানীয় প্রবীণ ব্যক্তি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৭১ সালের ৪ ডিসেম্বর বিকেলে ভারতীয় মিত্রবাহিনীর ট্যাংক বহর হিলি স্থলবন্দর দিয়ে দিনাজপুর হয়ে পীরগঞ্জে প্রবেশ করতে যায়। করতোয়া নদী পার হওয়ার সময় টুকুরিয়া ইউনিয়নের দুধিয়াবাড়ী ঘাটে মিত্রবাহিনীর ৯টি ট্যাংকের ১টি চোরা বালি ও প্রবল স্রোতে আটকে যায়। এসময় ট্যাংকটি তুলতে ৩ দিন পর্যন্ত ভারতের সৈন্যরা লোহার রশি-শিকল দিয়ে চেষ্টা করেন। সেটি তুলতে না পেরে মিত্রবাহিনীর সদস্যরা ওই ট্যাংটিকে পরিত্যক্ত ঘোষণা করেই পীরগঞ্জে প্রবেশ করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার মণ্ডল বলেন, আমরা যুদ্ধের সময় ট্যাংকটি উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। ট্যাংকটি তোলার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।
এদিকে খবর পেয়ে রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবিব উপজেলার টুকুরিয়া ইউনিয়নের দুধিয়াবাড়ী গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, করতোয়া নদীতে পানির নিচে লম্বাকৃতির লোহার একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। তবে এটি ট্যাংক কি না তা বলা যাচ্ছে না। উদ্ধার করার পর বলা যাবে এটি আসলে কী।















