ঢাকা সংবাদদাতা: কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে কারাফটক থেকে ফিরতে হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির দুই স্থায়ী কমিটির সদস্যকে।
বৃহস্পতিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে তারা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছলে তাদেরকে কারাফটকের অনুসন্ধান কেন্দ্রে অপেক্ষা করতে বলা হয়। ১৫ মিনিট পর কারাকতৃপক্ষ বেগম জিয়ার সঙ্গে দেখা হবে না বলে তাদেরকে জানিয়ে দেয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করে জানান, এসময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান ছিলেন।
পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ম্যাডামের স্বাস্থ্য খারাপ জেনে আমরা দেখা করার অনুমতি পেয়েছিলাম। গত পরশু আমাদেরকে একটা সময় দেয়া হয়েছিল। সেটা বাতিল করে আজকে আবার সময় দেয়া হয়েছে, ৩টা থেকে ৪টার মধ্যে। আমরা সে কারণেই এসেছিলাম। এখন আমাদেরকে বলা হচ্ছে, আজকেও সম্ভব হচ্ছে না। দুই-একদিনের মধ্যে হতে পারে।
দেখা করতে না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আইজি প্রিজন সাহেব আজকে কাশিমপুরে গেছেন। সেটাই আমরা জানতে পেরেছি। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন কারাগারে আছেন।















