আন্তর্জাতিক ডেস্ক: মারা গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও গণসাক্ষরতা প্রচারাভিযানের কর্মী বারবারা বুশ। তার স্বামী এবং সন্তান উভয়েই ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।
বারবারা বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী এবং ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা।
বুশ পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বারবারার মৃত্যুর খবর জানানো হয়। তার বয়স হয়েছিল ৯২ বছর।
গত কিছুদিন ধরে ক্রমশঃই খারাপের দিকে যাচ্ছিল ফুসফুস ও হৃদযন্ত্রের রোগে আক্রান্ত বারবারা বুশের শারীরিক অবস্থা। গত রোববার বুশ পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তিনি আর চিকিৎসা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তার মৃত্যুর পর ছেলে জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে বলেছেন, বারবারা বুশ ছিলেন অসাধারণ একজন ফার্স্ট লেডি, নিজের জায়গায় তিনি ছিলেন অনন্য। লাখো মানুষের মধ্যে তিনি প্রাণচাঞ্চল্য, ভালোবাসা আর সাক্ষরতা ছড়িয়ে গেছেন।
বারবারা বুশের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন।















