সিলেট সংবাদদাতা: ভারতের সিদাই সীমান্তে হবিগঞ্জের দুই যুবককে আটক করেছে বিএসএফ। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় এই তথ্য নিশ্চিত করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম. জাহিদুর রশিদ।
আটক দুজন হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আবু মিয়ার ছেলে ইদন মিয়া (৩০) ও একই গ্রামের ধনু মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)।
লেফট্যানেন্ট কর্নেল এম. জাহিদুর রশিদ বলেন, সোমবার (১৬ এপ্রিল) গভীর রাতে ওই দুই যুবক বাংলাদেশ থেকে অবৈধভাবে কাপড় নিয়ে পাচারের জন্য ভারতে যায়। এ সময় ভারতের সিদাই সীমান্তে টহলরত বিএসএফ’র সদস্যরা তাদেরকে আটক করে।
এ ব্যাপারে বিজিবি’র সাথে বিএসএফ এর কথা হয়েছে। তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশি আইনে শাস্তি নিশ্চিতের চেষ্টাও চলছে বলেও তিনি জানান।















