ঢাকা সংবাদদাতা: বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা রোধে বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রলীগের ৫০০ নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, ঢাবি শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আবিদ আল হাসান বলেন, জনবহুল এই রাজধানীতে ফাঁকা জায়গা কম থাকায় আনন্দ উৎসব উদযাপনে সবার আগ্রহের কেন্দ্র থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী উদ্যান। সেই আনন্দকে আমরা নির্বিঘ্ন করতে চাই।
তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত মানুষদের সেবায় নিয়োজিত থাকবে। বিশ্ববিদ্যালয়, হল, অনুষদ, বিভাগ কমিটির নেতাকর্মীরা ক্যাম্পাসে সার্বক্ষণিক পাহারায় থাকবে। সকল ইউনিটের কর্মীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ক্যাম্পাসে অবস্থান করবে। কারো কোথাও কোনো সমস্যা হলে ছুটে যাবে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গৃহীত পদক্ষেপ জানানো হয়। সেগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ স্থানে ৫০০ ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে, আগত দর্শনার্থীদের জন্য পানি সরবরাহ ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকবে, যে কোনো সমস্যা জানানোর জন্য ঢাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর দিয়ে ফেস্টুন থাকবে।















