শিগগিরই রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু: মিয়ানমার মন্ত্রী

575

ঢাকা সংবাদদাতা: রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ চলছে, জানালেন মিয়ানমারের সমাজকল্যাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আই।

বুধবার দুপুরে, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

বেলা ১১ টায় রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে উখিয়ার কুতুপালং ক্যাম্পে পৌঁছান দেশটির সমাজকল্যাণ ও পুনর্বাসনমন্ত্রী। সেখানে পৌঁছে ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে ইউএনএইচসিআর ও আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে, পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

ঘণ্টাব্যাপী বৈঠকে সেখানে থাকা রোহিঙ্গারা নির্যাতন-নিপীড়নের বর্ণনা দেয়ার পাশাপাশি, মিয়ানমারের মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।

এই সফরের মাধ্যমে প্রথমবারের মতো মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের কোনো ব্যক্তি রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে দুপুরেই ঢাকায় ফেরেন উইন মিয়াত আই ।