ঢাবি প্রতিনিধি: সরকারি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর ‘রাজাকারের বাচ্চা’বলায় তার এ বক্তব্য প্রত্যাহার এবং বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ফের অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। বুধবার (১১এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান নেয়। এতে তিন হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর আগে বেলা ১১টার দিকে পুরো ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হয়।
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসায় পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন এবং অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। গতকাল বিকেল পৌনে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ ঘোষণা দেয়ায় মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহার এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তারেক নামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ঢাবির এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে হল ছাত্রলীগ সভাপতি কর্তৃক এক আন্দোলনকারী শিক্ষার্থীকে রগ কেটে দেয়াসহ সরকারের বর্তমান অবস্থান দেখে মনে হচ্ছে তারা সহসাই কোটা সংস্কার করবে না। তাই আমরা কোটা সংস্কারের যৌক্তিক এ দাবি নিয়ে আন্দোলন করছি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীদের একটি অংশ টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এবং অপর অংশ নীলক্ষেত মোড়ে অবস্থান করছে। এখন পর্যন্ত ছাত্রলীগ নেতা-কর্মীদের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায় নি।
এদিকে, বুধবার (১১ এপ্রিল) দুপুরে উপাচার্য তার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, কোটা পদ্ধতির সংস্কার আন্দোলনের সঙ্গে ঢাবি পরিবার এবং ঢাবি শিক্ষক একাত্মতা প্রকাশ করেছে। তারা কোটা পদ্ধতির যৌক্তিক সংশোধনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।















