ঢাকা সংবাদদাতা: ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে জাহাজের ঢেউয়ে নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। তারা বই কেনার জন্য কেরানীগঞ্জ থেকে নদী পেরিয়ে সদরঘাট এসেছিল বলে জানা যায়।
সদরঘাট নৌ পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় খেয়া নৌকাটি কয়েকজন যাত্রী নিয়ে সদরঘাট থেকে বুড়িগঙ্গার ওপারে যাওয়ার সময় ডুবে যায়।
তিনি বলেন, লালকুঠি ঘাট থেকে আটজন যাত্রী নিয়ে নৌকাটি ওপারে যাচ্ছিল। এসময় বিআইডব্লিউটিসির জাহাজ এমভি বাঙালী খুলনার উদ্দেশে রওয়ানা দেয়। জাহাজটি পেছন দিকে যাওয়ার সময় অনেক পানির স্রোতের সৃষ্টি হয় এবং বড় বড় ঢেউয়ের মধ্যে পড়ে। প্রবল ঢেউয়ের কারণে পেছন দিকে থাকা নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা ছয়জন যাত্রী আশপাশের নৌকার সাহায্যে ও সাঁতরে তীরে উঠতে পারলেও স্বপ্না (১৫) ও সানজিদা আক্তার (১৪) ডুবে যায়। পরে তাদের সন্ধানে নামানো হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু এরপরও বাঁচানো যায়নি ওই দুই কিশোরীকে।
দুর্ঘটনা সম্পর্কে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত ১০টার দিকে দুই কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সানজিদার বাসা কেরানীগঞ্জে সদরঘাটে উল্টো দিকে। আর স্বপ্নার পরিবার সানজিদাদের বাসায় ভাড়া থাকে। সন্ধ্যার দিকে দুই কিশোরী নৌকায় করে সদরঘাটে এসেছিল, এরপর নৌকায় করে ফেরার সময় তারা দুর্ঘটনায় পড়ে।
মৃত দুই কিশোরী স্কুলে পড়ে। তারা বই কিনতে এপারে এসেছিল বলে সানজিদার বাবা শাহিন মিয়া জানিয়েছে। তিনি আরও জানান, পরিবারের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে















