রোববার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

436

ঢাকা সংবাদদাতা: আট বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে প্রায় অর্ধশত প্রকল্প উদ্বোধন ও কয়েকটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাঁদপুরের জেলা প্রশাসককে চূড়ান্ত সফরসূচি পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান। তিনি জানান, আগামী রোববার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর চাঁদপুর আসার সফরসূচি ঠিক হয়েছে।

সেদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী হাইমচর উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকা উদ্বোধন করবেন। বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন।

চাঁদপুরের জেলা প্রশাসক আরো জানান, প্রধানমন্ত্রী চাঁদপুর সফরকালে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২৫টি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

উদ্বোধনের উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে- চাঁদপুর পৌরসভার দুটি পানি শোধনাগার, চাঁদপুর সরকারি কলেজের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাস, পুরানবাজার ডিগ্রি কলেজের চতুর্থ তলা একাডেমিক ভবন, মতলব ধনাগোদা নদীর উপর মতলব সেতু, ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি ও মেঘনা নদীর ভাঙন রোধে পুরানবাজার, ইব্রাহিমপুর, সাখুয়া ও চাঁদপুর সেচ প্রকল্পের হাইমচর এলাকার তীর সংরক্ষণ প্রকল্প।

প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতিমধ্যে মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে চাঁদপুর। শহরের বাবুরহাট পুলিশ লাইন থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে বিলবোর্ড আর তোরণে শোভা পাচ্ছে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র।

এর আগে সর্বশেষ ২০১০ সালের ২৫ এপ্রিল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর এসেছিলেন।