মেসিবিহীন আর্জেন্টিনাকে উড়িয়ে দিলো স্পেন

703

খেলাধুলা ডেস্ক: ইসকোর অনবদ্য এক হ্যাটট্রিকে স্পেনের কাছে যে ৬-১ গোলে হেরেছে মেসি বিহীন আর্জেন্টিনা। অপরদিকে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ‘প্রতিশোধ’ নিল ব্রাজিল।

বিশ্বকাপের স্কোয়াড নির্বাচনের আগে আর্জেন্টিনার শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে ‘ইতিহাসের বাজে হার’ হারে হোর্হে সাম্পাওলির দল। আজকের ম্যাচে ইসকোর তিন গোলের পাশাপাশি স্পেনের পক্ষে গোল করেছেন ডিয়েগো কস্তা, লাগো আসপাস ও থিয়াগো আলকানতারা। আর্জেন্টিনার পক্ষে সান্ত্বনার গোলটি নিকোলাস ওটামেন্ডির।

ম্যাচের শুরুর ১২ মিনিটে ডিয়েগো কস্তার গোলে এগিয়ে যায় স্পেন। ইসকো গোলের খাতা খোলেন ম্যাচের ২৭ মিনিটে। ৩৯ মিনিটে এভার বানেগার কর্নার থেকে আর্জেন্টিনাকে গোল এনে দেন ওটামেন্ডি। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইসকো। ৫৫ মিনিটে ইসকো ও আসপাসের সহায়তায় স্পেনকে ৪-১ গোল এগিয়ে নেন থিয়াগো। ৭৩ মিনিটে স্কোরলাইন ৫-১ করেন আসপাস। পরের মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন ইসেকা।

অন্যদিকে, ২২ ম্যাচ পর ব্রাজিলের কাছে হারল জার্মানি। ম্যাচের ৩৭ মিনিটে উইলিয়ানের ক্রস থেকে গ্যাব্রিয়েল জেসুসের হেডে গোলখরা কাটে। ব্রাজিল এগিয়ে যায় ১-০ গোল।

গোল হজম করে অবশ্য ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল জার্মানরা। দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়েও ছিল তারা। কিন্তু শেষরক্ষা হয়নি। বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরিতে অনেকটাই পিছিয়ে ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

পায়ের পাতায় অস্ত্রোপচারের পর মাঠের বাইরেই আছেন নেইমার। বেলো হরিজন্তের সেই ম্যাচেও ছিলেন না নেইমার। তিনি না খেললেও পাউলিনহো, ফিলিপে কুতিনহো আর জেসুসরা আজ অনবদ্যই খেলেছেন। খেলার সঙ্গে ‘প্রতিশোধ’ শব্দটা বাজে শোনালেও ১-০ গোলে আজকের ম্যাচটা জেতার পর শব্দটি অন্তত ব্রাজিল সমর্থকেরা উপভোগই করছেন।