বিনোদন ডেস্ক: অভিনয় নিয়ে সারা বছরই কম-বেশি ব্যস্ত থাকেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এর মাঝেই পরিবারকে সময় দিতে ভুল করেন না তিনি। সাধ্যমতো স্ত্রী ও সন্তানদের আবদার রক্ষার চেষ্টা করেন। পরিবারের সদস্যদের মধ্যে ছোট সন্তান আব্রামের প্রতি একটু বেশিই মনোযোগ তার। সুযোগ পেলেই ছোট খোকার সঙ্গে সময় কাটান এই অভিনেতা। এবার তাকে নিয়ে ছুটি কাটাতে বরফের দেশে গেছেন শাহরুখ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ‘জিরো’ সিনেমার শুটিং থেকে বিরতি নিয়ে স্ত্রী গৌরি খান ও আব্রামকে নিয়ে সুইজারল্যান্ডে যান শাহরুখ। বরফে স্কি করে, খানিকটা বিশ্রাম নিয়ে অবকাশযাপন করেছে পিতা-পুত্র। আর তাদের সেই ছুটি কাটানোর মুহূর্ত ক্যামেরাবন্দী করেন গৌরি খান। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশও করেন তিনি। ক্যাপশনে গৌরি লিখেছেন, ‘বরফ মানবেরা।’
গৌরির আপলোড করা ছবি ও ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন শাহরুখ। ক্যাপশনে তিনি আব্রামের উদ্দেশে লিখেন, ‘বড় স্কিয়ারের সঙ্গে আমার ছোট হলিডে। তার সঙ্গে কখনো বিছানায়, কখনো লিফটে, আবার কখনো আল্পসে। আমরা সবসময় স্কির চেয়ে অনেক বেশি কিছু করতে পারি।’
আনন্দ এল রাইয়ের ‘জিরো’ সিনেমার শেষ অংশের শুটিংয়ের আগেই মুম্বাইয়ের গরম ও যানজট এড়িয়ে বরফের মধ্যে আব্রামের সঙ্গে সময়টা বেশ ভালো উপভোগ করছেন শাহরুখ। ছেলের সঙ্গে তার এই ছবিগুলো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরাও।












