ওয়ানবাংলানিউজ: একই আদর্শ ও দলের রাজনীতি করলেও দলীয় মনোনয়ন নিয়ে দীর্ঘদিন যাবত লবিং ও গ্রুপিং করে আসছেন এক সময়ের যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, বর্তমান সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা নিয়ে সংসদীয় আসন সিলেট-২ এ আওয়ামীলীগের মনোনয়ন পেতে যুক্তরাজ্যে ও বাংলাদেশে কাজ করে যাচ্ছেন উভয় নেতা। যুক্তরাজ্যে ও স্থানীয়ভাবে উভয় নেতার রয়েছে বিপুল সংখ্যক কর্মী সমর্থক। দীর্ঘদিন যাবত উভয় নেতার কর্মী সমর্থকরা নানান কারনে আলাদা আলাদা সভা সমাবেশ করলেও যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত সভায় একই মঞ্চে বসে বক্তব্য রাখেন আনোয়ারুজ্জামান চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরী। এসময় তারা একে অপরের প্রশংসা করে বক্তব্যদেন।
আলোচনা সভাশেষে কেক কাটা হলে প্রথমে আনোয়ারুজ্জামান চৌধুরী অন্যান্য নেতাদের সাথে শফিকুর রহমান চৌধুরীকে কেক খাওয়ান। পরে শফিকুর রহমান চৌধুরীও আনোয়ারুজ্জামান চৌধুরীকে কেক খাওয়ান। এসময় হলে উপস্থিত নেতাকর্মীদের হাততালি দিতে দেখা যায়।














