আজ নিহত বিমানযাত্রীদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

635

ঢাকা সংবাদদাতা:নেপালের কাঠমান্ডুতে ইউ-এস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে। গত সোমবার বিমান বিধ্বস্তের ওই ঘটনায় ৫০ জনেরও বেশি ব্যক্তির প্রাণহানি ঘটে।

গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে রাষ্ট্রীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য আগামীকাল শুক্রবার সারা দেশের মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভা পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ জাতীয় বিমান দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বিশেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং এয়ারলাইন্স অপারেটরদেরকে যথাযথভাবে আন্তর্জাতিক বিমান পরিবহনবিষয়ক নিরাপত্তা আইন অনুসরণ করার কথা বলেন তিনি।

সোমবার বিকেলে কাঠমান্ডুতে ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে বিমানের কমপক্ষে ৫০ জন আরোহী নিহত হয়।