ঢাকায় নারীদের মোটরসাইকেল র‌্যালি

1009

ঢাকা সংবাদদাতা: ‘নারীর জন্য নিরাপদ বাংলাদেশ চাই’ স্লোগানকে সামনে রেখে নারী দিবস উপলক্ষে মোটরসাইকেল র‌্যালি ‍উদযাপন করেছেন নারীরা। শুক্রবার (৯ মার্চ) বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে ‘সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’(এনজিও) ‘ব্রতী সমাজ কল্যাণ সংস্থা’ এবং ‘বাংলাদেশ উইমেন রাইডারস ক্লাব’ এর উদ্যোগে এই র‌্যালি বের হয়।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র ঘুরে পুনরায় জাতীয় যাদুঘরের সামনে এসে র‌্যালিটি শেষ হয় ৷ র‌্যালিতে মোট ৩০টি মোটরসাইকেল আরোহী নারী ও তাদের সহযোগী হিসেবে ১০ জন পুরুষ ছিল। এতে আরও অংশ নেন গার্মেন্টস শ্রমিকসহ অনেকে ৷ র‌্যালি শেষে উন্মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

আলোচনা সভায় বক্তব্য রাখেন সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইদা রোকসানা খান ৷ তিনি বলেন,‘বর্তমান প্রেক্ষাপটে এই দিনটিই মনে করিয়ে দিচ্ছে আমাদের নারীর সমতা, নিরাপত্তা ও ক্ষমতায়ন এখনও বহুদুর। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের প্রায় সর্বত্র সহিংসতা, অরাজকতা, বিচারহীনতা ও আইনের শাসনের অভাব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নারী এর প্রধান শিকার।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের বুকে চলাচলের ক্ষেত্রে নারীকে অনেক কষ্ট ভোগ করতে হয়। প্রতিদিন বাসের ভিড় ঠেলাঠেলি, নারীর সংরক্ষিত স্থানে পুরুষের দখলসহ নানারূপ নির্যাতন ও নিগ্রহ নারীদের নিত্যদিনের দুর্ভোগ। এ প্রেক্ষিতে ইদানিং মোটর বাইকের যাতায়াতের মাধ্যমে এই নির্যাতন থেকে অনেক নারী কিছুটা পরিত্রাণ পাচ্ছে। ঢাকার নারী বাইকার একসময় বাংলাদেশে ছিল একটি বিরল দৃশ্য। ধীরে ধীরে এ চিত্রটি বদলে যাচ্ছে। ডিসেম্বর ২০১৭ পর্যন্ত মোটর বাইক চালানোর লাইসেন্স নিয়েছে ২২ হাজার ৭৩৩ জন নারী। আমরা দৃঢ় কণ্ঠে বলতে পারছি সময় এখন নারীর, উন্নয়নে তারা বদলে দিচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবনধারা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলন’ জাতীয় পর্ষদের অভিভাবক অধ্যাপক অজয় রায়, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, বাংলাদেশ উইমেন্স রাইডার্স ক্লাবের সভাপতি ইসরাত খান ও ড. হামিদা হোসেন সহ অনেকে। এছাড়াও সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার এবং সচেতন নাগরিকসহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।