আত্মসমর্পণ করতে চান দাউদ ইব্রাহিম!

855

দেশে ফিরে আত্মসমর্পন করতে চান পাকিস্তানে আশ্রিত কুখ্যাত ভারতীয় মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। তবে এ জন্য তিনি কিছু শর্ত জুড়ে দিয়েছেন। এমন তথ্যই জানিয়েছেন দাউদের আইনজীবী শ্যাম কেসওয়ানি।

মূলতঃ শ্যাম কেসওয়ানি দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল ইব্রাহিম কাসকরের আইনজীবী। তিনি একই সঙ্গে দাউদেরও আইনজীবী বলে দাবি করেন।

মঙ্গলবার মহারাষ্ট্রের থানে আদালত চত্বরে দাউদের আত্মসমর্পণের বিষয়ে শ্যাম কেসওয়ানি বলেন, আত্মসমর্পণের ব্যাপারে দাউদ ইব্রাহিম কয়েকটি শর্ত দিয়েছেন। এর মধ্য অন্যতম হলো তাকে মুম্বাইয়ের কড়া নিরাপত্তাবেষ্টিত আর্থার রোড কারাগারে রাখতে হবে।

এর আগেও দাউদ ইব্রাহিম একই শর্ত কেন্দ্রীয় সাবেক মন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী রাম জেঠ মালানির মাধ্যমে দিয়েছিলেন। কিন্তু সেবার দাউদের প্রস্তাব নাকচ করে দিয়েছিল ভারত সরকার।কারণ ভারত সরকার তাঁকে ফিরিয়ে আনতে কোনো ধরনের শর্ত আরোপে যেতে চায় না।

মুম্বাইয়ের কড়া নিরাপত্তায় আর্থার রোডের ওই কারাগারের ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত আজমাল কাসাবকে রাখা হয়। পরে বিচারে কাসাব দোষী সাব্যস্ত হলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়।

তবে মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে বলেছেন, দাউদ ইব্রাহিমকে যদি ফিরিয়ে আনা হয়, তাহলে সে ছয় মাস পর ঠিক আগের মতোই অপরাধ করে বেড়াবে। তিনি অভিযোগ করেন, দাউদ কেবল দেশে ফিরে আসতে চায় না। সে মোদি সরকারের সঙ্গে সমঝোতা করে ভারতে স্থায়ীও হতে চায়।

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ের ১৩টি স্থানে বিস্ফোরণ হয়। এতে সাড়ে তিন শ সাধারণ মানুষ নিহত হয়। ভারতীয় পুলিশের ধারণা, সেই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন দাউদ। এরপর থেকেই তাঁকে ধরার জন্য খুঁজছে ভারতের পুলিশ। অন্যদিকে ২০০৩ সালে দাউদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে আখ্যা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইন্টারপোলও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।