ইতালির ১৮তম সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা দেখা দিয়েছে।
ভোটকেন্দ্রগুলোর ৭৫ ভাগেরও বেশি ভোট গণনা করার পর এটা প্রায় নিশ্চিত যে নির্বাচনে অংশ নেয়া মূল তিনটি দলের কোনটিই একক ভাবে সরকার গঠন করতে পারছে না। এতে ইতালির সরকার গঠন করতে কয়েক সপ্তাহের আলোচনা ও নতুন জোট গঠনের প্রয়োজন দেখা যাচ্ছে।
ইতালির পার্লামেন্ট নির্বাচনে বুথফেরত জরিপে ফাইভ স্টার মুভমেন্ট একক সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে এগিয়ে আছে। তবে পার্লামেন্টের নিম্নকক্ষে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মধ্য-ডানপন্থী জোট বেশি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে।
অন্য দল ও জোটগুলোর চেয়ে এগিয়ে থাকলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি মধ্য-ডানপন্থী জোট।















