মন্ত্রীদের বরখাস্ত করতে বললেন জাপা এমপি বাবলু

822

ঢাকা সংবাদদাতা: ব্যর্থ মন্ত্রীদের বরখাস্ত করতে বলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য জিয়াউদ্দীন আহমেদ বাবলু। বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আর্থিক খাতের অব্যবস্থাপনা তুলে ধরে অর্থমন্ত্রীর কঠোর সমালোচনাসহ সব ব্যর্থ মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবারের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বাবলু বলেন, ‘‘অর্থমন্ত্রী দুদিন আগে বলেছেন, ‘ব্যাংকগুলোতে সাড়ে নয় হাজার কোটি টাকা মূলধন ঘাটতি আছে।’ এই মূলধন কোথায় গেল? কার টাকা? আমানতকারীদের টাকায় ব্যাংকের মূলধন হয়। মূলধন জোগান দেওয়া হচ্ছে জনগণের করের টাকায়।’’
তিনি অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, ‘ব্যাংকগুলো এখন ক্রমান্বয়ে সিক হচ্ছে। ট্যাক্স পেয়াররা কি আপনাকে সেই অথরিটি দিয়েছে, মানুষের টাকায় লুটের টাকার ভরণ-পোষণ করার জন্য? ব্যর্থদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না? ব্যর্থরা কেন থাকবেন। একজন লুট করবে, মানুষের টাকায় সেটা ভরণ করবেন, তা হতে পারে না।’

এ সময় তিনি লুটপাটকারীদের আইনের আওতায় আনতে একটি ব্যাংকিং কমিশন গঠন করারও দাবি তোলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জাতীয় পার্টির এমপি বাবলু বলেন, ‘আপনি দেশকে উন্নতি-সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার নিরলস চেষ্টা করছেন। টিম যদি স্ট্রং না হয়, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনার সরকারের স্বার্থে যেসব ব্যর্থ মন্ত্রী আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। স্যাক করেন।’
এর আগে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, ‘ব্যাংকগুলো পারিবারিক প্রতিষ্ঠান হয়ে গেছে। এখন এগুলো আর পাবলিক প্রতিষ্ঠান না। ব্যাংকের ওপর মানুষের আস্থা কমে যাচ্ছে ।’