‘ভয়াবহ গণহত্যা চালিয়েছে মিয়ানমার’

488

ঢাকা সংবাদদাতা: রোহিঙ্গাদের ওপর স্মরণকালের ভয়াবহ গণহত্যা চালিয়েছে মিয়ানমার তিন নোবেলজয়ী। শনিবার শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার বাংলাদেশ সফরে আসেন।

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে রবিবার তাঁরা কক্সবাজার পৌঁছান। সফরে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শান্তিতে নোবেলজয়ী তিন নারী। বৈঠক শেষে, তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে, সোমবার সাংবাদিকদের তারা বলেন, বাংলাদেশ সরকার বিশ্বে মানবিকতার একটি বড় উদাহরণ সৃষ্টি করেছে, লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে। তাদের সব ধরনের মানবিক সহায়তা দেয়া সত্যিই দৃষ্টান্তমূলক।

মিয়ানমারে পরিচালিত সহিংসতা বিষয়ে তারা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক আদালতে অং সান সুচির বিচারের দাবি জানান তারা।

সফর শেষে, কক্সবাজার ও ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা রোহিঙ্গাদের বিষয়ে তাঁদের সুপারিশ উপস্থাপন করবেন।

আগামী ১লা মার্চ ঢাকা ছাড়বেন শান্তিতে নোবেলজয়ী এই তিন নারী।