ম্যানচেস্টার হামলায় আরও এক ব্যক্তি আটক

935

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আত্মঘাতী হামলার ঘটনায় আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। এ নিয়ে ম্যানচেস্টার হামলায় আটককৃতের সংখ্যা দাঁড়ালো ১১। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এদিকে ম্যানচেস্টার হামলার ঘটনায় উদ্ধারকৃত একটি গাড়ি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবাদবিরোধী ইউনিট এ তদন্ত পরিচালনা করছে। কর্মকর্তাদের ধারণা গাড়িটিকে কেন্দ্র করে ওই হামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, ম্যানচেস্টারের ডেভেল কোর্ট এলাকায় গাড়িটি সম্পর্কে মূল্যায়ন করা হচ্ছে। এরইমধ্যে ওই এলাকাটি খালি করে দেওয়া হয়েছে এবং সেখানে একটি বেষ্টনী তৈরি করা হয়েছে।

ব্রিটিশ পুলিশের নর্থ ওয়েস্ট কাউন্টার টেররিজম ইউনিট-এর প্রধান রুস জ্যাকসন। গোয়েন্দা বিভাগের দায়িত্বেও রয়েছেন এ কর্মকর্তা। তিনি জানান, তদন্তে এটি এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সাদা রঙ-এর নিশান গাড়িটি এখন ডেভেল কোর্ট এলাকায় আছে। এই গাড়িটি সম্পর্কে লোকজন আমাদের তথ্য দিতে পারেন। এ ব্যাপারে আমরা খুবই আগ্রহী।

ম্যানচেস্টারের ওই আত্মঘাতী হামলার পরপরই ব্রিটিশ নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিল, হামলাটি লোন উলফ বলে ধারণা করছেন তারা। একদিনের মাথায় অবশ্য ওই অনুমান থেকে সরে গিয়ে তারা জানিয়েছিলেন, হামলাকারী সালমান একটি জঙ্গি নেটওয়ার্কের অংশ হতে পারে। এবার সেই ধারণা থেকে সরে এসে আবারও হামলাটিকে লোন উলফ (একক ব্যক্তির হামলা) বলছে পুলিশ। যে বিস্ফোরকে ওই হামলা চালানো হয়েছে, তার বেশিরভাগ উপাদানই সালমান নিজে সংগ্রহ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। এর ভিত্তিতেই হামলাটিকে লোন উলফ বলে আশঙ্কা করছেন তারা। তবে পূর্ণাঙ্গ তদন্তের আগে এ ব্যাপারে উপসংহারে পৌঁছাতে চান না তারা।