মিরপুর থেকে কুড়িল হয়ে পাঁচদোনা পর্যন্ত বিআরটিসির এসিবাস চালু

2299

ঢাকা সংবাদদাতা: রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে পূর্বচলের ভেতর দিয়ে গাউছিয়া পর্যন্ত ৩০০ ফুট নামে পরিচিত সড়কে বিআরটিসির সাধারণ বাস চালুর পর এবার বিআরটিসির এসি বাস সার্ভিস  চালু করা হয়েছে।

আর্টিকুলেটেড (জোড়া) বাস ননএসি সার্ভিস চালুর কয়েক মাস পর মাত্র ৩টি বাস নিয়ে এই এসি সার্ভিস চালু হল। ঢাকার দক্ষিণের প্রবেশপথ যাত্রাবাড়ী এবং উত্তরের টঙ্গী-আবদুল্লাহপুরের যানজট এড়িয়ে দেশের পূর্বাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশসহ সাভার, আশুলিয়া ও টঙ্গী এলাকায় যাওয়ার সহজ পথ ৩০০ ফুট সড়ক। সেই সাথে রাজধানী থেকে সহজেই বের হওয়ার সহজ রাস্তাও এই ৩০০ ফুট।

এসি বাসের নির্ধারিত রুট হচ্ছে মিরপুর ১২ থেকে কালসি, কুড়িল বিশ্বরোড, বালু ব্রিজ ও কাঞ্চন সেতু, ভুলতা (গাউছিয়া) হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা পর্যন্ত। তবে মালবাহী ট্রাকের কারণে কাঞ্চন ব্রিজ থেকে গাউছিয়া পর্যন্ত জ্যাম থাকার কারণে রাস্তায় বেশ সময় লেগে যাচ্ছে।

বিআরটিসি এসির সার্ভিসের  সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। মিরপুর থেকে পাঁচদোনা পর্যন্ত ভাড়া ১০০টাকা।  বিশ্বরোড থেকে গাউছিয়ার ভাড়া ৬০ টাকা আর পাঁচদোনা পর্যন্ত ভাড়া ৮০ টাকা।

গত ১৮ ফেব্রুয়ারি   নতুন এই পরিবহন সেবা চালু হয়। শুরু থেকেই যাত্রীদের  সাড়া পেলে আরো বাস এই পথে দিবে বিআরটিসি।