ঢাকা সংবাদদাতা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আসা বেশকিছু সৌদি রিয়াল ও মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় এক যাত্রীকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে কামরুল ইসলাম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭০ হাজার সৌদি রিয়াল ও ২২ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়। এসব মুদ্রা তাঁর জুতার মধ্যে লুকানো ছিল। বাংলাদেশের মূল্যমানে এর দাম হবে প্রায় ১৫ লাখ ৮৬ হাজার ২০০ টাকা।
কামরুল মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি গতকাল রাত পৌনে ১২টার একটি ফ্লাইটে ঢাকা থেকে মালয়েশিয়া যাচ্ছিলেন। শুল্ক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কামরুল ইসলাম এ বছর চারবার এবং ২০১৭ সালে ৩৩ বার বিদেশে গেছেন।
শুল্ক গোয়েন্দা সংস্থা এসব তথ্য দিয়ে আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কামরুল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি এসব মুদ্রা মালয়েশিয়ায় নিয়ে বিক্রি করেন। দেশে ফেরার সময় ল্যাপটপ, কসমেটিকস, সিগারেট ইত্যাদি নিয়ে আসতেন। শুল্ক আইন ও মুদ্রা পাচার আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।















