চার জেলায় বিএনপি-জামায়াতের ৮০ নেতাকর্মী আটক

492

ঢাকা সংবাদদাতা: নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ঝিনাইদহ, নড়াইল, মেহেরপুর ও হবিগঞ্জে বিএনপি-জামায়াতের ৮০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ওইসব জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৬৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ৭টি ককটেল।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে জেলার ৬টি উপজেলা থেকে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৬৯ জনকে আটক করা হয়।

এর মধ্যে সদর উপজেলায় ২০ জন, শৈলকুপায় ১৫, হরিণাকুন্ডুতে ৫, কালীগঞ্জে ৫, কোটচাঁদপুরে ৭ এবং মহেশপুরে ১৭ জন রয়েছে।

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবির ও বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সদর ও গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদের মধ্যে মেহেরপুর সদর থানায় ৪ বিএনপি কর্মী ও গাংনী থানায় ২ বিএনপি এবং ১ জামায়াত কর্মী রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।

এদিকে হবিগঞ্জে কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য এবং জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে আটক করা হয়েছে।

রোববার রাতে তাদের আটক করা হয়।

জানা যায়, রোববার দিবাগত রাত ৩টার সময় টহল পুলিশ সৈয়দ মুশফিক আহমেদকে আটক করে।

অপরদিকে, ভোর ৪টায় শহরের উমেদনগর এলাকায় নিজ বাসভবন থেকে হাফিজুল ইসলামকে আটক করে পুলিশ।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ছাত্রদল নেতাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে নাশকতার মামলায় নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন (৬১) এবং পেড়লী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ শেখকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

কালিয়া থানার ওসি শেখ শমসের আলী জানান, নাশকতার মামলায় আনোয়ার হোসেন এবং গোলাম মোরশেদকে পেড়লী বাজার এলাকা তাদরে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।