লন্ডনে বাঙালী পাড়ায় নতুন রাজনৈতিক দল ‘এসপায়ার’ এর মিডিয়া লঞ্চিং

1588

জাকির হোসেন কয়েছ: লন্ডনে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে নতুন রাজনৈতিক দলের মিডিয়া লঞ্চিং হয়েছে গত ২ ফেব্রুয়ারী শুক্রবার। এর নেতৃত্বে রয়েছেন কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী আর সেক্রেটারী হচ্ছেন লেবার পার্টির সাবেক নেত্রী লিলিয়ান কলিন্স ও ট্রেজারা কমিউনিটি নেতা জাহেদ চৌধুরী।
মূলত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র লুতফুর রহমানের অতি বিশ্বস্থদের নিয়ে এই দল গঠন করা হয়েছে বলে মনে করছেন অনেকে। দলটি শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ শুরু করেছে। সংবাদ সম্মেলনে তারা বলেছেন তাদের দল থেকে আগামী কাউন্সিল নির্বাচনে মেয়র ও কাউন্সিলার প্রার্থী দেয়া হবে। ধারা করা হচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের কাউন্সিলারগন তাদের হয়ে নির্বাচনে অংশ নিবেন। সংবাদ সম্মেলনেও এই গ্রুপের প্রায় সকল কাউন্সিলার ও সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সাবেক মেয়র লুতফুর রহমান ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর ঘর মার্কা প্রতিকে ‘টাওয়ার হ্যামলেটস ফাস্ট’ নামে একটি রাজনৈতিক গঠন করে ২০১৪ সালের কাউন্সিল নির্বাচনে অংশ নিলে, তিনি মেয়র নির্বাচিত হওয়ার পাশাপাশি উল্লেখ্যযোগ্য সংখ্যক বাঙালী কাউন্সিলার নির্বাচিত হন। আদালত কর্তৃক সাবেক মেয়র লুতফুর রহমান অভিযুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত দলটি ২০১৫ সালের ২৩ এপ্রিল পর্যন্ত কাউন্সিলের নেতৃত্বে ছিল ।
এবার একই প্রতিকে ’এসপায়ার’ নামে আরেকটি রাজণৈতিক দলের সূচনা হয়েছে টাওয়ার হ্যামলেটস বারায়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, এসপায়ার হচ্ছে একটি তৃণমূল রাজনৈতিক দল যা সকল কমিউনিটির জন্য ভবিষ্যতে সুন্দর, নিরাপদ ও মজবুত একটি সমাজ প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। তারা বলেন, এ বছর মে মাসে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে নির্বাহী মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী প্রদান করা হবে। সময়মতো এ ব্যাপারে ঘোষণা দেয়া হবে। এ দলের পক্ষ থেকে সুন্দর মনের অধিকরী সকলকে যোগদানের আহবান জানানো হয়।
দলটি যেসকল কাজ করতে চায় সেগুলি হচ্ছে, উন্নতমানের বাড়িঘর নির্মাণ নিশ্চিত করা, শিক্ষাক্ষেত্রে উচ্চমানের অগ্রগতি, চাকুরী ও ট্রেনিং এর সুবিধা প্রদান, চিলড্রেন, ইয়ুথ ও এল্ডারলি সার্ভিসকে আরো উন্নত করা, রাস্তায় চলাচলে নিরাপত্তা নিশ্চিতের জন্য আরো পুলিশ অফিসার নিয়োগ, কমিউনিটি ও গ্রীণ প্রজেক্টে বিনিয়োগ, থার্ড সেক্টরে সমর্থন ও আরো রিসোর্স প্রদানের ব্যবস্থা, ডাইভার্স কমিউনিটিসহ সকল ক্ষেত্র থেকে কাউন্সিলের ওয়ার্কফোর্স নিয়োগ।