নির্বাহী কমিটির সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

637

ঢাকা সংবাদদাতা: জাতীয় নির্বাহী কমিটির সভায় যোগ দিতে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ এই সভায় আজকে সাবেক প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। হোটেলের ১৪ তলার গ্র্যান্ড বল রুমের এই সভায় সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারপারসন।

খালেদা জিয়া আজ বেলা ১১টা ৫ মিনিটে লা মেরিডিয়েন হোটেলে এসে পৌঁছালে দলীয় নেতারা তাঁকে স্বাগত জানান। তারপর তাঁকে সভাকক্ষে নিয়ে যাওয়া হয়। মঞ্চে তাঁর পাশে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন।

পরে কোরআন তিলাওয়াতের মাধ্যমে নির্বাহী কমিটির সভা শুরু হয়। এরপর শোক প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শোক প্রস্তাব উপস্থাপন্ শেষে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এর পরই স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের আগে আজকের এই সভা থেকে গুরুত্বপূর্ণ বার্তা আসবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বিএনপির চেয়ারপারসন জরুরিভাবে দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে আগামী দিনের জন্য কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। দলের নেতাদের সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে, তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়েই পরবর্তী সময়ের কর্মসূচি দিতে চান বিএনপির চেয়ারপারসন।