ঢাকা সংবাদদাতা: প্রশ্ন ফাঁস হওয়া ঠেকাতে এবার পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি পরীক্ষার দিন নির্ধারিত সময়ের আধাঘন্টা আগে শিক্ষার্থীদের পরীক্ষার হলে অবস্থান নিতে বলা হয়েছে।
এসব পদক্ষেপকে স্বাগত জানিয়ে শিক্ষাবিদরা বলছেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা না নিলে ভেস্তে যাবে এসব পদক্ষেপ।
গেল কয়েক বছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন এমনকি চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। পরীক্ষার আগে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রশ্ন ফাঁসের প্রমাণ মিললেও রোধ করা যায়নি এসব অপতৎপরতা।
শিক্ষা আইন করে কোচিং বাণিজ্য বন্ধের পাশাপাশি প্রশ্নফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ড.আনোয়ার হোসেন।
শাস্তির পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করে তোলারও পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী।















