ঢাকা সংবাদদাতা: বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আটক এবং অনিন্দ্য ইসলাম অমিতকে ‘তুলে নেওয়ার’ পর রাতে রাজধানীতে অন্তত তিন নেতার বাসায় গিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় তল্লাশি চালানোর অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক জানিয়েছেন, আহসান উল্লাহ হাসানের মিরপুর পল্লবীর ৬ নম্বর সেকসনের বাসায় রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তল্লাশি চালিয়েছে।
আর বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান আজ বুধবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় তল্লাশির দাবি করেছেন।
বাসায় তল্লাশি চালানোর সময় তিন নেতার কেউ বাসায় ছিলেন না।















