প্রীতিলতার স্মৃতিতে প্রণব মুখার্জির শ্রদ্ধা

577

ঢাকা সংবাদদাতা: বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

বুধবার দুপুরে নগরের পাহাড়তলীতে তৎকালীন ইউরোপিয়ান ক্লাবের সামনে স্থাপিত আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ক্লাবটি ঘুরে ঘুরে দেখেন তিনি।

এর আগে নগরের দামপাড়া পুলিশ লাইনে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত দুটি স্থাপনা পরিদর্শন করেন। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে স্বাধীনতাকামী বিপ্লবীরা অস্ত্রাগারটি দখলে নিয়েছিলেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর হোটেল রেডিসিন ব্লু বে ভিউ থেকে দামপাড়া পুলিশ লাইনে যান প্রণব মুখার্জি। এসময় নগর পুলিশের কমিশনার মো. ইকবাল বাহারসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত স্থাপনা দুইটি ঘুরে দেখার সময় অস্ত্রাগারটির ইতিহাস তার সামনে তুলে ধরেন পুলিশের কর্মকর্তারা। অস্ত্রাগার পরিদর্শন শেষে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে যান প্রণব মুখার্জি। যেখানে ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বের মাস্টার দা সূর্য সেনের নির্দেশে হামলা চালিয়ে আত্মোৎসর্গ করেন বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। এই ক্লাবটির সাইনবোর্ডে লেখা ছিল ‘কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ’।

ইউরোপিয়ান ক্লাবে প্রণব মুখার্জিকে ফুল দিয়ে বরণ করেন সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রণব মুখার্জি কাঠের কাঠামোয় নির্মিত ক্লাবটি ঘুরে ঘুরে দেখেন। কাঠের পাটাতনের নিচে ব্রিটিশ সৈন্যদের অস্ত্র রাখার জায়গাটি তাকে দেখানো হয়। এরপর প্রীতিলতার আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। বেলা ১২টার দিকে তাকে নিয়ে গাড়িবহর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। এরপর দুইদিনের সফর শেষে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়েন ভারতের ইতিহাসের প্রথম বাঙালী সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

প্রণব মুখার্জি ইউরোপিয়ান ক্লাবে পৌঁছানোর আগে এটিকেকে জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে সাংবাদিকদের জানান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, ‘রাউজানের চুয়েট পর্যন্ত প্রস্তাবিত রেললাইন নির্মাণের পর সেখানে যে স্টেশন হবে সেটা মাস্টার দা সূর্যসেনের নামে নামকরণ করা হবে।’