তৃতীয় বিয়ের গুজবের পর প্রথমবারের মতো নীরবতা ভেঙেছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তেহরিক-ই ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। তৃতীয় বিয়ের গুজব ছড়ানোর নেপথ্যে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও জিও টেলিভিশনের মালিক শাকিল-উর রহমানকে দুষছেন তিনি।
নিবার বেনামি সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে ইমরান খানের বিয়ের গুজব ওঠে। গোপন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বহুদিনের বন্ধু বুশরা মেনকাকে বিয়ে করেছেন তিনি। গত ১ জানুয়ারি লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটির সেক্টর ওয়াই’র একটি বাসায় ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
খবরটিকে নোংরা মিডিয়া প্রচারণা হিসেবে দাবি করেন ইমরান। দাবি করেন, নওয়াজ শরীফ আর শাকিল-উর রহমানের যৌথ ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মিথ্যে প্রচারণা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এসবকে গ্রাহ্য করেন না তিনি। এরআগে দলীয় প্রধান ইমরান খানের বিয়ের গুজবকে প্রথমে ভ্রান্ত বলে উড়িয়ে দিলেও একদিনের মাথায় এবার পাকিস্তান তেহরিক-ই ইনসাফ-পিটিআই এক বিবৃতিতে স্বীকার করে, পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক তার ধর্মগুরু মেনকা বুশরাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। পিটিআই তখন জানায়, নিজের মতামত জানাতে বুশরা খানিকটা সময় চেয়েছেন। তিনি প্রস্তাবটি গ্রহণ করলে ইমরান খান নিজেই তা দেশবাসীকে জানাবেন।
এবার ইমরান খান তার টুইটার বার্তায় লিখেছেন, ‘গত তিন দিন ধরে আমি বিস্মিত। আমি কি কোনও ব্যাংক লুট করেছি? মানি লন্ডারিং কিংবা জাতীয় সম্পদ চুরি করেছি? নাকি মানুষ মেরে মডেল টাউন বানাতে গেছি? নাকি ভারতের কাছে গোপন তথ্য পাচার করেছি? না, এসবের কিছুই করিনি। তবে একসময় বুঝলাম, ওসবের চেয়ে ঢের বড় অপরাধ করেছি আমি। বিয়ে করতে চেয়েছি।’
অপর এক টুইট বার্তায় তিনি নওয়াজ শরীফের ব্যক্তিগত বহু তথ্য জানার দাবি করেন। তবে তিনি ব্যক্তিগত সেইসব তথ্য প্রকাশকে অরুচিকর আখ্যা দিয়ে বলেন, শরিফের মতো কাজ তিনি করবেন না।
নিজের সন্তানসহ পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলার ইমরানকে নিজের মতামত জানানোর কথা বুশরা বেগমের। ইমরান তার টুইটারে বলেছেন, নিজের সন্তানই তার কাছে সবার আগে। বুশরা বেগমের পরিবারের সিদ্ধান্ত জানতে অপেক্ষা করছেন বলেও জানা ইমরান।















